সুশিক্ষা, নৈতিকতা ও কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠান অভিভাবক, অতিথি ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক আ. খ. ম. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম. এম. রবিউল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহবুব অল মিসবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মুস্তানছির বিল্লাহ, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম এবং খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক।
আলোচনায় বক্তারা বলেন, কোরআন হিফযকারীদের মধ্য দিয়েই একটি আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলেই সীমাবদ্ধ না থেকে নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ অর্জনের দিকেও মনোযোগী হতে হবে।
পরিশেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পুরস্কারপ্রাপ্তদের হাতে সাফল্যের প্রতীক তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে করতালিতে মুখরিত হয় অনুষ্ঠানস্থল। শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও আদর্শ নাগরিক হয়ে গড়ে ওঠার অঙ্গীকার করে।
সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ




