ফিংড়ীতে কালভার্ট বন্ধ, জলাবদ্ধতায় ভোগান্তির অভিযোগ

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নম্বর ফিংড়ী ইউনিয়নের কাছারিয়া বাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশের একটি সরকারি পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধ হয়ে থাকায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মাদ্রাসার শিক্ষার্থী, এতিমখানার বাসিন্দা এবং আশপাশের প্রায় ৫০টি পরিবারের দুর্ভোগ বাড়ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ফিংড়ী কাছারিয়া বাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে সরকারি কালভার্টটি দ্রুত উন্মুক্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা ও এতিমখানার পাশ দিয়ে প্রবাহিত সরকারি পানি নিষ্কাশনের কালভার্টটি স্থানীয় বাসিন্দা মানিক সাধু (পিতা: ভোলা সাধু) স্থাপনা নির্মাণের মাধ্যমে বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে মাদ্রাসা, এতিমখানা এবং আশপাশের প্রায় ৫০টি পরিবারের পানি নিষ্কাশনের পথ ব্যাহত হয়েছে বলে আবেদনকারীরা দাবি করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি বের হতে না পারায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

আবেদনকারীদের দাবি, জলাবদ্ধতার কারণে এতিমখানার আবাসিক শিক্ষার্থীদের কক্ষ পানিতে তলিয়ে যাচ্ছে। এতে তাদের পাঠদান, কুরআন তিলাওয়াত, নামাজ আদায় এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কক্ষে মাটি ফেলে পানি ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের রাতভর মগ দিয়ে পানি সেচে কক্ষ ব্যবহার উপযোগী রাখারও চেষ্টা করতে হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি এস এম মহাসিন আলম, মুহতামিম হাফেজ ফয়জুল্লাহ, সহকারী শিক্ষক হাফেজ মুজাহিদুল ইসলাম, যুবদল নেতা মনজুরুল ইসলাম বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, সরকারি কালভার্ট বন্ধের প্রতিবাদ করায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর ছবুর (কচি) জমিজমা-সংক্রান্ত সি.আর. ১৬৮৩/২৫ (সাত.) নম্বর মামলায় জড়িয়েছেন বলে আবেদনকারীদের দাবি। তাদের অভিযোগ, বর্তমানে তিনি কারাগারে থাকায় এতিমখানার শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।

আবেদনকারীরা আরও জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি বলে তারা মনে করছেন।

এ অবস্থায় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে আবেদনকারীরা সরকারি কালভার্টটি উন্মুক্ত করা, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া এবং তাদের আবেদনে উল্লিখিত অন্যান্য বিষয়ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন