সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (মনি) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলম (মনি)-এর বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগমকে আটক করা হয়। তিনি গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম পালিয়ে যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ কাজ করছে। মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী তৎপরতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







