কপোতাক্ষ নদে অবৈধ বালু উত্তোলন: ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি বালু উত্তোলনকারী কার্গো জব্দ করেছে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবহৃত একটি বালু উত্তোলনকারী কার্গো জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তি ও জব্দকৃত কার্গো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আদালত আটক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা আদায়ের পর তাকে মুক্তি দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের বিভিন্ন স্থান থেকে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তীরভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন