সাতক্ষীরা

বি.ডি.এফ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আমিনুল, সম্পাদক আরশাদ

  শাহাদাত হোসেন রাজ ১১ জুলাই ২০২৬ , ৩:২১:১৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর-ধুলিহর-ফিংড়ী) প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ধুলিহর-ব্রহ্মরাজপুর বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করলে সভাপতি পদে জি. এম. আমিনুল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. আরশাদ আলী বিজয়ী হন।

নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে দৈনিক পত্রদূত-এর নিজস্ব প্রতিনিধি জি. এম. আমিনুল হক ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের চিত্র-এর প্রতিনিধি মো. আব্দুল হাকিম পান ৬ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগের বার্তা-এর প্রতিনিধি মো. আরশাদ আলী ১২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক চৌকোশ-এর প্রতিনিধি আবু সাঈদ পান ৪ ভোট।

এর আগে আহ্বায়ক কমিটির আহ্বায়ক এস. এম. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব মুকুল হোসেন ও সদস্য মেহেদী হাসান শিমুল উপস্থিত ছিলেন। সভায় ক্লাবের সকল সদস্য অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন এস. এম. ইসমাইল হোসেন, জিয়াউর রহমান জিয়া এবং আব্দুস সামাদ।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ফলাফল বিবরণীতে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত বি.ডি.এফ প্রেসক্লাব ‘নির্ভীক কলম সৈনিকদের প্রতিষ্ঠান’ হিসেবে এলাকায় সুপরিচিত। নবনির্বাচিত নেতৃত্ব আগামী দুই বছর সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আরও খবর