মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: নবাগত ওসি শাফিউল

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরার শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেছেন, “মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে কোনো আপস হবে না। এসব অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। শ্যামনগরকে মাদকমুক্ত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবাগত ওসি শাফিউল ইসলাম পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় শ্যামনগর থানার এসআই বিপ্লবসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনির শ্যামনগরে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়ার কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এমন অভিযোগও রয়েছে যে, শ্যামনগরে সহজেই মাদক পাওয়া যায়। যুবসমাজকে এই ভয়াবহ নেশার করালগ্রাস থেকে রক্ষা করতে হলে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ ও ইভটিজিং নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে স্কুল-কলেজে ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

জবাবে নবাগত ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, মাদক ও অনলাইন জুয়া দমনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। তাই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত শ্যামনগর গড়ে তুলতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রেসক্লাবের সদস্যরা নবাগত ওসির সফল দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শ্যামনগরে শান্তি-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন