সুন্দরবনে বন বিভাগের সদস্যদের গুলিতে নিহত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলে আমিনুর ইসলামের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) খুলনা সার্কিট হাউসের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে নিহত আমিনুর ইসলামের পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপির নেতা ড. মো. মনিরুজ্জামান। তাঁর একান্ত প্রচেষ্টায় এই আর্থিক সহায়তা প্রদান সম্ভব হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোয়ামান কবির, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মাসুদুল আলম, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নিহত জেলে আমিনুর ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের এই দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে, এই মানবিক সহায়তার জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে মরহুম আমিনুর ইসলামের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তাঁর জান্নাতুল ফিরদাউস নসিব এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।







