ট্যালেন্টপুলে বৃত্তি পেল কালীগঞ্জের নুসরাত তানজীম, শুভেচ্ছায় সিক্ত

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৮২ নম্বর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তানজীম ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জন করেছে। তার এ কৃতিত্বে পরিবার, বিদ্যালয়, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নুসরাত তানজীম কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের প্রধান ও কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়নাব পারভীনের নাতনি।

নুসরাতের মা শামিমা সুলতানা ঘুশুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং নানা নুরুল ইসলাম কাজী আলাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠা নুসরাত ছোটবেলা থেকেই লেখাপড়ায় মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে আসছে।

নিজের অনুভূতি জানিয়ে নুসরাত বলে, ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই তার স্বপ্ন। এ সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক এবং পরিবারের সদস্যদের উৎসাহ, দিকনির্দেশনা ও সহযোগিতাকেই সে সবচেয়ে বড় প্রেরণা হিসেবে উল্লেখ করেছে।

নুসরাতের এ সাফল্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা মহিলা বিভাগ এবং কালীগঞ্জ উপজেলা মহিলা বিভাগের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক বলেন, নুসরাত অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। তার এ অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নুসরাতের বাবা-মা বলেন, মেয়ের এই অর্জনে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা তার স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন এবং সবার কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।

এদিকে প্রতিবেশীরাও নুসরাতের এই কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, নুসরাতের এ অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন