আসাদুজ্জামান ১২ জুলাই ২০২৬ , ৫:০৯:০৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় সম্পত্তি-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ, মাদকদ্রব্য ও চোরাচালান দমন, অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অনিষ্পন্ন চোরাচালান মামলার দ্রুত নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্তকরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, বিএনপি নেতা আব্দুর রউফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

















