সাতক্ষীরা

সাতক্ষীরায় শান্তি ও সামাজিক সম্প্রীতি গড়তে শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু

  শহর প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ৩:৪৭:৩১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় যুবসমাজের মধ্যে শান্তি, সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ জোরদারের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘যুব-নেতৃত্বাধীন শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। সিডোর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, তরুণদের শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সংহতি, সংঘাত-সংবেদনশীলতা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণে দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীদের সৃজনশীল ও শিল্পভিত্তিক বিভিন্ন যোগাযোগ কৌশলের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করা হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণমূলক শিক্ষা পদ্ধতির আওতায় দলীয় আলোচনা, ব্যবহারিক অনুশীলন, সহপাঠ শেখা, প্রতিফলনমূলক সেশন এবং সৃজনশীল উপস্থাপনার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি কমিউনিটি থিয়েটার, পথনাটক, গ্রাফিতি ও ম্যুরাল চিত্রাঙ্কন, অ্যানিমেশন ও স্বল্পদৈর্ঘ্য ভিডিও নির্মাণ, কার্টুন ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং, পোস্টার ডিজাইন, শিল্পকর্ম এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে শান্তি, সহনশীলতা ও সামাজিক অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে নিজ নিজ এলাকায় বাস্তবায়নের জন্য সম্প্রদায়ভিত্তিক শিল্প উদ্যোগের কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন। এসব পরিকল্পনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক সংহতি বৃদ্ধি, সংলাপের পরিবেশ সৃষ্টি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্রও প্রদান করা হবে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করছেন গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এক্টিভিস্টা সদস্য ইমতি জামিল ও জ্যোতি সরকার। সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ), প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইন্যান্স অফিসার আব্দুস সাত্তার, ইয়ূথ ফেলো স্বপ্না পারভীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও খবর