শ্যামনগর

এনজিও কর্মী সেজে অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  শ্যামনগর প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১:২৫:২৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা এলাকায় এনজিও কর্মীর ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নকিপুর গ্রামের আনিসুল মোল্লা (কালু) এর ছেলে মোহাম্মদ বাপ্পি মোল্লা (২২)।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারীর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এনজিও কর্মীর পোশাক পরে, কাঁধে ব্যাগ নিয়ে ক্রেতা সেজে অবস্থান নেন।

একপর্যায়ে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের সাবেক অধ্যক্ষ ওসমান গণির বাড়ির সামনের পাকা সড়কে সন্দেহভাজন বাপ্পি মোল্লাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “শ্যামনগর উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও খবর