সাতক্ষীরা

ব্রহ্মরাজপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, লাখ টাকার মাছের ক্ষতি

  শাহাদাত হোসেন রাজ ১৩ জুলাই ২০২৬ , ৩:১৬:৫৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের মাছ মারা যাওয়ার পাশাপাশি কিছু মাছ নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন লিজগ্রহীতা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুনগোলা গ্রামের গোপাল সাধুর মালিকানাধীন একটি বড় পুকুর দীর্ঘদিন ধরে লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন স্থানীয় ইউপি সদস্য মো. কুরবান আলী। তাঁর অভিযোগ, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে। এতে পুকুরের ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। একই সঙ্গে দুর্বৃত্তরা বেশ কিছু মাছ ধরে নিয়ে যায় বলেও তিনি দাবি করেন।

রোববার সকালে স্থানীয় এক ব্যক্তি পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় পানির ওপর মাছ ভেসে থাকতে দেখে বিষয়টি লিজগ্রহীতা মো. কুরবান আলীকে জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুকুরের মাছ মারা যাওয়ার বিষয়টি দেখতে পান।

মো. কুরবান আলী জানান, এ ঘটনায় তাঁর প্রায় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় মৎস্যচাষীরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও খবর