ভারী যানবাহনের অতিরিক্ত চাপ ও টানা বৃষ্টিপাতের কারণে সাতক্ষীরার ভোমরা-শাখরা সড়কের বিভিন্ন স্থানে পিচের রাস্তা দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল। এতে প্রতিদিনের যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে উদ্যোগ নিয়েছেন ভোমরা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
সোমবার (১৪ জুলাই) সকালে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়কের দেবে যাওয়া ও ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারকাজের তদারকি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের কয়েকটি স্থানে বড় বড় গর্ত ও দেবে যাওয়া অংশ সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছিল। বিশেষ করে ভারী যানবাহনের চলাচলের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর মাওলানা হাবিবুর রহমান নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় সড়কটি সংস্কারের কাজ শুরু করেন।
সংস্কারকাজের অংশ হিসেবে দেবে যাওয়া স্থানে ইট ও খোয়া ফেলে ভরাট করা হচ্ছে, যাতে যানবাহন ও পথচারীরা নিরাপদে চলাচল করতে পারেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সংস্কারকাজে সহযোগিতা করেন।
সড়কটি দ্রুত সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, চালক ও পথচারীরা। তারা বলেন, সরকারি সংস্কারের অপেক্ষা না করে জনস্বার্থে নেওয়া এই উদ্যোগ সাময়িকভাবে হলেও দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানান।







