এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১৬ জুলাই ২০২৬ , ৪:০৫:৪৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে “জুলাই শহীদ দিবস-২০২৬” উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা আব্দুর রহমান, বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনির, মডার্ন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, মাসুম বিল্লাহসহ জুলাই যোদ্ধাদের গর্বিত অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী জুলাই যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

















