সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। সচেতনতাই শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বাসাবাড়ির ফুলের টব, পুরোনো টায়ার, এসি ও ফ্রিজের নিচে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান। পাশাপাশি দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সহকারী কমিশনার মো. তাজুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুলসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর বিএনপি সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন