সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ চত্বরে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৬ এবং নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, “২০০০ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতক্ষীরা থেকে বেনাপোলে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে ঝাউডাঙ্গা কলেজের সামনে প্রায় ১১ ঘণ্টা সড়কে আটকে ছিলেন। সেই স্মৃতিকে ধরে রাখতে আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়ার স্মরণে এই কলেজ চত্বরে একটি মসজিদ নির্মাণ করে দেব, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি কলেজের ভবন সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার আশ্বাসও দেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় নতুন-পুরোনো সকল শিক্ষার্থী ও শিক্ষকের প্রতি অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আনারুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ নুরুল আমিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মুরশিদ আলম এবং কাজিরহাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







