জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির, ‘দ্রুততম মানব’ খেতাব অর্জন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ
HridoyBarta

নতুন কুড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অর্জন করে ‘দ্রæততম মানব’-এর গৌরব অর্জন করেছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালি গ্রামের কৃতি সন্তান জাকির হোসেন।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে সকল প্রতিযোগীকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করেন জাকির। তার এই অসাধারণ সাফল্যে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ‘দ্রুততম মানব’-এর খেতাবও অর্জন করেন তিনি।
জাকির হোসেন কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। উপজেলা, জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জনের পর জাতীয় পর্যায়েও নিজের সাফল্যের ধারা বজায় রেখে তিনি এ গৌরবময় অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি জাকির হোসেনের গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং মেডেল, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।
জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে ‘দ্রæততম মানব’-এর খেতাব অর্জন করায় কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে জাকির হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তার এই অর্জনে পরিবার, এলাকাবাসী এবং পুরো সাতক্ষীরাবাসীর মধ্যে আনন্দের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন