সাতক্ষীরা

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

  ডেস্ক রিপোর্ট ২ আগস্ট ২০২৬ , ৩:৫৯:৩৪ অনলাইন সংস্করণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, সাতক্ষীরার আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনি, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার প্রকল্প কর্মকর্তা জি. এম. মারুফ বিল্লাহ এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।

মেলা উদ্বোধনের আগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০ দিনব্যাপী এ বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

আরও খবর