সাতক্ষীরা

মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই, জন্মের পরপরই শিশুকে মায়ের দুধ পান করাতে হবে: সিভিল সার্জন

  ডেস্ক রিপোর্ট ৩ আগস্ট ২০২৬ , ৪:১৬:১৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৩ আগস্ট) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক রাশেদুজ্জামান, প্রধান সহকারী এম. কে. আশেক নেওয়াজ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা পাবলিক হেলথ নার্স সিরিনা সুলতানা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন এবং সদর হাসপাতালের নার্সিং ইনচার্জ ফিরোজা পারভিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরেন পুষ্টি বিষয়ক প্রতিনিধি শারমিন সুলতানা।

সমাপনী বক্তব্যে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, জন্মের পরপরই প্রতিটি শিশুকে মায়ের দুধ পান করাতে হবে। মায়ের দুধের কোনো বিকল্প নেই। মাতৃদুগ্ধ শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শিশুকে নিয়মিত দুধ পান করালে মায়ের শরীরের অতিরিক্ত চর্বি কমে এবং বিভিন্ন রোগের ঝুঁকিও হ্রাস পায়। তিনি কর্মজীবীসহ সকল মায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনি যেখানে থাকুন না কেন, আপনার শিশুকে সময় দিন এবং নিয়মিত মাতৃদুগ্ধ পান করান।”

এর আগে সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরও খবর