ডেস্ক রিপোর্ট ১১ আগস্ট ২০২৬ , ৩:২০:১০ অনলাইন সংস্করণ
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুগ্মসহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এবং সাতক্ষীরা জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নূরুল আমিন।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন নিশ্চিত করতে বেশি করে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তারা।
মেলায় অংশ নেওয়া নার্সারিগুলোর মধ্যে সাতক্ষীরা নার্সারি প্রথম স্থান অধিকার করে। সাঈদ নার্সারি দ্বিতীয় এবং সরদার নার্সারি তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আওছাফুর রহমান।

















