সাতক্ষীরা

ব্রহ্মরাজপুরে বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

  সাহাদাত হোসেন রাজ ১৫ আগস্ট ২০২৬ , ৩:৫৯:৩৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে আয়োজিত এ খেলায় ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক দল টাইব্রেকারে ব্রহ্মরাজপুর ভ্যান শ্রমিক দলকে হারিয়ে জয়লাভ করে।

মিতা এন্টারপ্রাইজ, পূর্ব দহাখোলা, সাতক্ষীরার প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদের পরিচালনায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইমারত শ্রমিক দল হলুদ জার্সি এবং ভ্যান শ্রমিক দল সবুজ জার্সি পরে মাঠে নামে।

শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে সমতা অর্জন করে। পরে ফলাফল নির্ধারণে টাইব্রেকার অনুষ্ঠিত হলে ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক দল ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলাটি পরিচালনা করেন মো. মোকলেছুর রহমান। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ওজিয়ার রহমান ও জালাল।

ইমারত শ্রমিক দলের অধিনায়ক ছিলেন ইব্রাহিম এবং টিম ম্যানেজার আকবর হোসেন। অন্যদিকে ভ্যান শ্রমিক দলের অধিনায়ক ছিলেন মো. রফিকুল ইসলাম এবং টিম ম্যানেজার আব্দুল খালেক।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদ, মো. মিলন হোসেন, ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক সংগঠনের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, গ্রাম ডাক্তার জিয়াউর রহমান, প্রিমিয়ার সিমেন্টের খুলনা জোনের জোনাল ইনচার্জ সাখাওয়াত হোসেন এবং সাতক্ষীরা সদরের আরআই তানিম আহমেদ।

খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করেন শত শত ফুটবলপ্রেমী দর্শক। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। গোলের পরপরই দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠ।

আয়োজকরা জানান, শ্রমজীবী মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরি করতেই এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

আরও খবর