আজ পর্দা উঠছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ণ
HridoyBarta

তারুণ্যের শক্তি ও উদ্দীপনাকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি থেকে দূরে রাখা এবং ক্রীড়ার মাধ্যমে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরায় আজ সোমবার (১৭ আগস্ট) শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিকেল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্যামনগর উপজেলা ও কলারোয়া উপজেলা। ১৮ আগস্ট দ্বিতীয় ম্যাচে লড়বে সাতক্ষীরা পৌরসভা ও কালিগঞ্জ উপজেলা। ১৯ আগস্ট তৃতীয় ম্যাচে সাতক্ষীরা সদর ও তালা উপজেলা এবং ২০ আগস্ট চতুর্থ ম্যাচে দেবহাটা উপজেলা ও আশাশুনি উপজেলা পরস্পরের মোকাবিলা করবে।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ২২ আগস্ট প্রথম সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচের বিজয়ী দলের সঙ্গে তৃতীয় ম্যাচের বিজয়ী দলের এবং ২৩ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে প্রথম ম্যাচের বিজয়ী দলের সঙ্গে চতুর্থ ম্যাচের বিজয়ী দলের লড়াই অনুষ্ঠিত হবে। এরপর দুই সেমিফাইনালের বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের সব ম্যাচ সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফাইনালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার তরুণ ও যুবসমাজ ক্রীড়ামুখী হওয়ার পাশাপাশি মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে। একই সঙ্গে ফুটবলের নান্দনিকতা, প্রতিযোগিতার উত্তেজনা ও তারুণ্যের প্রাণশক্তিতে মুখর হয়ে উঠবে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম।
টুর্নামেন্টের উদ্বোধনীসহ প্রতিটি ম্যাচে ক্রীড়ামোদী দর্শকদের স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন