বিগত সরকারের আমলে পৌরসভার নীতিমালা সম্পূর্ণ ভঙ্গ করে দরিদ্র এলাকায় চাপিয়ে দেওয়া সাতক্ষীরা জেলার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা বাসস্ট্যান্ডে উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর হাবিবুর রহমান, ঠিকাদার কল্যাণ সমিতির শেখ জাবের হোসেন, রবিউল ইসলাম, মেম্বার শুকুর আলী, মেম্বর বাবলুর রহমান, রনজিত দেবনাথ, শ্যামনগর সদর ইউপি সদস্য মোক্তার হোসেন, গাজী আশরাফ আলী, সদর ইউপির সাবেক মেম্বার মোক্তার হোসেন, সাবেক মেম্বর আব্দুল মজিদ, মেম্বর শোকর আলী, সাবেক মেম্বার হাবিবুর রহমান ও বিএনপি নেতা আবু সাঈদ।
বক্তারা বলেন, প্রয়োজনীয় নীতিমালা ও মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করেই শ্যামনগরের মতো দরিদ্র ও উপকূলীয় এলাকায় পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে। পৌরসভা হওয়ার পর সাধারণ মানুষের ওপর বিভিন্ন কর ও আর্থিক চাপ বাড়লেও সে অনুযায়ী সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিকসেবা নিশ্চিত হয়নি। শ্যামনগরের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় পৌরসভার কার্যক্রম পুনর্মূল্যায়ন করা জরুরি।
তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি মহল নিজেদের স্বার্থে জনগণের মতামত ও স্বার্থ উপেক্ষা করে পৌরসভা বাস্তবায়ন করেছে।
মানববন্ধন থেকে বক্তারা শ্যামনগর পৌরসভা বাতিল করে পূর্বের ইউনিয়নভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল অথবা জনগণের মতামতের ভিত্তিতে কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে অনতিবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবি জানান তারা।
দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।







