কালিগঞ্জ

কালিগঞ্জের বসন্তপুরে সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

  কালিগঞ্জ প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ৩:২১:৩২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে চোরাচালান ও পাচারবিরোধী কার্যক্রম জোরদার এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে একত্রে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নীলডুমুর ব্যাটালিয়নের অধীনস্থ বসন্তপুর বিওপি’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব (পিএসসি, সিগন্যালস্)।

সভায় জানানো হয়, নীলডুমুর ব্যাটালিয়নের আওতায় শ্যামনগর, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে স্বর্ণ ও মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত ও পরিকল্পিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবি অধিনায়ক তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের সীমান্ত রক্ষায় বিজিবি জিরো লাইনে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে চলেছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিকূল পরিবেশেও বিজিবি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও জানান, নিয়মিত টহল, চেকপোস্ট তল্লাশি, মোবাইল ও ব্লক রেইড, এবং গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান চালানোর মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালান ও পাচারের আশঙ্কাজনক এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব আরও বলেন, “সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ নীতি অব্যাহত থাকবে।”

তিনি সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে বিজিবির সঙ্গে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং দেশের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভাটি সীমান্ত সচেতনতায় নতুন মাত্রা যোগ করেছে বলে অভিমত দেন স্থানীয়রা।

আরও খবর