সুন্দরবনের বুনো কেওড়া: উপকূলবাসীর জীবিকা ও বনের প্রাণীর আশ্রয়স্থল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ণ
HridoyBarta

সুন্দরবনের নদী ও চরভূমির মাঝে ছড়িয়ে থাকা কেওড়া গাছ উপকূলবাসীর জীবনে এক নীরব আশীর্বাদ। স্থানীয়ভাবে বুনো ফল হিসেবে পরিচিত কেওড়া বহু বছর ধরে মানুষের খাদ্য, ওষুধ ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ।
বর্ষা মৌসুমে কেওড়া গাছে ফল ধরে, যা আগস্ট-সেপ্টেম্বর মাসে সংগ্রহ করা হয়। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে গড়ে ৪০–৫০ কেজি ফল পাওয়া যায়। বাজারে প্রতি কেজি ২০–৩০ টাকায় বিক্রি হয়, যা উপকূলীয় অঞ্চলের দরিদ্র পরিবারগুলোর জন্য অতিরিক্ত আয়ের উৎস। ইতোমধ্যে স্থানীয়রা এনজিওগুলোর প্রশিক্ষণে ফল প্রক্রিয়াজাত ও সংরক্ষণ শুরু করেছেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।
কাঁচা অবস্থায় কেওড়া ফল খাওয়া যায় না। পরিপক্ব ফল সাধারণত সিদ্ধ, আচার বা চাটনি হিসেবে ব্যবহৃত হয়। ভিটামিন ‘সি’ সমৃদ্ধ এই ফল দীর্ঘস্থায়ী ডায়রিয়া, হজমজনিত সমস্যা ও জ্বরের ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। আয়ুর্বেদ শাস্ত্রেও কেওড়ার উল্লেখ রয়েছে।
কেওড়া দক্ষিণাঞ্চলের মানুষের নিত্যজীবনে প্রাচীনকাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাতা দিয়ে ছাউনি, দড়ি ও মাদুর তৈরি হতো, আর ফল মানুষ, মাছ ও বন্যপ্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হতো।
কেওড়ার ফুল থেকে মৌমাছি সুগন্ধি ও ঔষধি গুণসম্পন্ন মধু সংগ্রহ করে। শত শত বছর ধরে সুন্দরবনের মৌয়ালরা এই মধুর ওপর নির্ভরশীল।
কেওড়া থেকে তৈরি আচার ও চাটনি দেশের ভেতরে যেমন জনপ্রিয়, তেমনি বিদেশেও রপ্তানি শুরু হয়েছে। এর ফলে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
কেওড়া গাছ নদীভাঙন ও জলোচ্ছ্বাস প্রতিরোধে প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কেওড়া একটি কার্যকর প্রাকৃতিক সম্পদ।
কেওড়া শুধুমাত্র মানুষের জন্য নয়, বনের বহু প্রাণীর প্রধান খাদ্য। বানর দলবদ্ধভাবে গাছ থেকে ফল সংগ্রহ করে খায়। হরিণ পাকা ফল খেয়ে থাকে, আর নদীতে পড়ে যাওয়া ফল মাছের খাদ্য হিসেবে কাজ করে, যা মাছের বৃদ্ধি ও প্রজননে সহায়ক।
পরিবেশবিদদের মতে, অবৈধভাবে গাছ কাটা ও বন ধ্বংস কেওড়ার বিস্তারে বড় হুমকি। বন বিভাগও স্থানীয়দের সচেতন করছে যাতে নিয়ন্ত্রিতভাবে ফল সংগ্রহ হয় এবং গাছ রক্ষা পায়।
বর্তমানে অনেকেই সামাজিক বনায়ন ও নদীর কিনারায় কেওড়া গাছ লাগিয়ে ভাঙ্গন রোধে ভূমিকা রাখছেন এবং কেওড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।
সুন্দরবনের কেওড়া কেবল খাদ্য বা আয়ের উৎস নয়, এটি বন ও জীববৈচিত্র্যের টিকে থাকার অন্যতম ভরসা। তাই কেওড়া সংরক্ষণ মানে শুধু বন রক্ষা নয়, পুরো পরিবেশ ও প্রাণীকুলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

বিজ্ঞাপন