কালিগঞ্জ প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৪৭:৫৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফতেপুর নবীন নগর ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় জনতা ও প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা আরোপ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, রাইসুল ইসলাম (৩৩), কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা, পিতা: হযরত আলী।, জাহাঙ্গীর আলম (৩৮), আশাশুনি উপজেলার শিউলা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা, পিতা: ফারুক হোসেন। তাদের কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারার অধীনে নিম্নলিখিত রায় প্রদান করে, রাইসুল ইসলাম: ধারা ৯(খ)-এর অধীনে ১ বছর ১ মাসের কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা। জাহাঙ্গীর আলম: ধারা ৯(ক)-এর অধীনে ১ বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল জানান, মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
এই অভিযান স্থানীয় জনগণের সহযোগিতায় সফল হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

















