বিদেশে নেওয়ার নামে প্রতারণার অভিযোগ: অর্থ ফেরত ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত আলহাজ্ব আব্দুল করিম গাইনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী কাউকে বিদেশে পাঠানো হয়নি এবং অধিকাংশ ক্ষেত্রেই অর্থ ফেরত পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।

ভুক্তভোগীদের দাবি, কেউ ৭ লাখ, কেউ ১০ থেকে ১৪ লাখ, আবার কেউ ১৮ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন বিদেশ যাওয়ার আশায়। কিন্তু বছরের পর বছর পার হলেও সেই স্বপ্ন পূরণ হয়নি। টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে হয়রানি এবং মিথ্যা মামলার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মারুফ হোসেন, মো. আরিফুল ইসলাম, মো. জহুরুল ইসলাম, ফরিদ হোসেন, সোহরাব হোসেন, আকবর হোসেন, মশিউর রহমান, আবুল কাশেম গাইন, মুজাহিদুল ইসলাম, রুহুল আমিন গাজী, শাহিনুর রহমান, আবু বক্কার গাইন, শাহাজান মহাজন, সিরাজুল ইসলাম, কামাল মোড়ল, সাইদুর রহমান, আব্দুর রহমান, আতাউর রহমানসহ আরও অনেকে।

তারা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অনিয়মিতভাবে অবস্থান করছেন। কখনো দেশের বাইরে, আবার কখনো রাজধানীতে অবস্থান করে আত্মগোপনে ছিলেন বলেও অভিযোগ তোলা হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি প্রতারণা মামলায় নড়াইল সদর থানা পুলিশ আব্দুল করিমকে আটক করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ থানার সামনে জড়ো হন।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের ঘটনার কারণে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেক পরিবার বিপদের মুখে পড়ছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের অর্থ ফেরতের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন