ডেস্ক রিপোর্ট ৫ মে ২০২৬ , ৪:২৬:১১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় দুধ থেকে ক্রিম পৃথক করে পাম তেল মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করার অপরাধে দুধ ব্যবসায়ী রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরার উদ্যোগে সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় তাকে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পাম তেল ও অন্যান্য উপাদান মিশিয়ে পুনরায় দুধ তৈরি করার প্রমাণ পাওয়া যায়, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এবং বাংলাদেশ পুলিশের একটি দল।
অভিযান সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইন ১৬১৫৫-এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় কারখানা থেকে প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পাম তেল এবং প্রায় ২ কেজি খাবার সোডা জব্দ করা হয়।

















