সাতক্ষীরা

অসহায় শতবর্ষী বৃদ্ধাকে খাদ্য সহায়তা দিল স্বপ্নসিঁড়ি

  ডেস্ক রিপোর্ট ২০ জুন ২০২৬ , ৫:২২:২২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে এক অসহায় শতবর্ষী বৃদ্ধাকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার ধুলিহর এলাকার নাথপাড়ায় গিয়ে সংগঠনের সদস্যরা ওই বৃদ্ধার হাতে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে বৃদ্ধার অসহায় অবস্থার কথা জানতে পারেন স্বপ্নসিঁড়ির সদস্যরা। পরে মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের পক্ষ থেকে দ্রুত খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষের দিকনির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অতনু বোস, সদস্য অহিদুল ইসলাম, জাহারুল হুদা, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ফয়সাল আজম, স্বপ্নসিঁড়ি রোভার স্কাউট গ্রুপের রোভার অবীর সরকারসহ অন্যান্য সদস্যরা।

এ সময় স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।”

স্থানীয়রা স্বপ্নসিঁড়ির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও খবর