সাতক্ষীরা

নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে সাতক্ষীরায় নজরুল বর্ষের উদ্বোধন

  ডেস্ক রিপোর্ট ২ জুলাই ২০২৬ , ১:৫০:৪৫ অনলাইন সংস্করণ

সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওস্থ তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউছার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম এবং অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য, সংগীত ও আদর্শ আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা থেকে জানানো হয়, নজরুল বর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বছরব্যাপী সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা কর্মসূচি পালন করা হবে।

আরও খবর