২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে সাতক্ষীরার কালিগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা ইউসিসির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মহসীন হোসেন এবং ছাত্র সমন্বয়ক মারুফ হাসান ও আমির হামজা।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপির প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ আলীর পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত কয়েকজন বক্তা। তাদের বক্তব্য, জাতীয় গুরুত্বপূর্ণ এ কর্মসূচিতে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। একই সঙ্গে তারা উল্লেখ করেন, মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় চেয়ারম্যানদের শতভাগ উপস্থিতি থাকলেও জুলাই শহীদ দিবসের মতো রাষ্ট্রীয় গুরুত্বসম্পন্ন কর্মসূচিতে তাদের অনুপস্থিতি বিভিন্ন মহলে প্রশ্নের জন্ম দিয়েছে।







