মাদকসেবী ও বখাটেদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: জেলা প্রশাসক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার, ইভটিজিং এবং শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ বলেন, “বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের জন্য এক ধরনের ব্যাধি। সম্মিলিতভাবে এ ব্যাধি থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। মাদকসেবী ও বখাটেদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি চাই সাতক্ষীরা জেলা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও সব ধরনের বিশৃঙ্খলামুক্ত হোক। এখানকার ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা-মা, পরিবার এবং জেলার মুখ উজ্জ্বল করবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাসার।

এ সময় উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু।

আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন