নারীকে অচেতন করে টাকা-স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা ব্রিজ এলাকায় এক নারীকে কাগজ জাতীয় কিছু শুঁকিয়ে অচেতন করে তাঁর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ভ্যানচালকের বিরুদ্ধে।

অভিযোগকারী মো. মিলন গাজী (২৫) জানান, গত ২১ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে তাঁর স্ত্রী মোছা. মারুফা খাতুন কদমতলা থেকে ভ্যানে করে দেবনগরে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে ছেলে ও মেয়ে ছিল।

মিলন গাজীর অভিযোগ, কদমতলা বাজার থেকে মিষ্টি কিনে আমার স্ত্রী বাবার বাড়ী যাচ্ছি। পথিমধ্যে ভ্যানচালক তাঁর স্ত্রীর মুখের কাছে কাগজ জাতীয় একটি বস্তু ধরেন। এরপর তাঁর স্ত্রী অনেকটা অস্বাভাবিক আচরণ করতে থাকেন এবং ভ্যানচালক যা বলেন, তিনি তাই করতে থাকেন।

মারুফা খাতুনের কাছে কেনাকাটার জন্য রাখা নগদ ১৪ হাজার টাকা ছিল। এছাড়া তাঁর কানে প্রায় ছয় আনা ওজনের সোনার দুল ছিল। অভিযোগ অনুযায়ী, ভ্যানচালক ওই টাকা ও সোনার দুল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। এ সময় সঙ্গে থাকা ছেলে-মেয়ের কাছ থেকে মোবাইল ফোন নেওয়ারও চেষ্টা করা হয়েছিল বলে জানান মিলন গাজী।

ঘটনার বর্ণনা দিয়ে মারুফা খাতুন বলেন, “ভ্যানচালক আমার মুখের কাছে কী যেন ধরেছিল। এরপর কী হয়েছে, আমি ঠিকভাবে বুঝতে পারিনি। পরে দেখি আমার কাছে থাকা টাকা ও কানের সোনার দুল নেই।”

মিলন গাজী বলেন, “আমার স্ত্রী ও সন্তানদের সরলতার সুযোগ নিয়ে ভ্যানচালক এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। আমরা টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

বিজ্ঞাপন