সাতক্ষীরা

গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত চাকরি নিয়মিতকরণের দাবি

  ডেস্ক রিপোর্ট ২৪ আগস্ট ২০২৬ , ৬:৫৬:৫২ অনলাইন সংস্করণ

গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের চাকরি নিয়মিতকরণসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন-১৬৪৭, সাতক্ষীরা গণপূর্ত বিভাগ।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা গণপূর্ত ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আবু দাউদ আলম, শেখ মেহদী হাসান, মো. জুবায়দুর রহমান ও মোছা. ফাতেমা খাতুন।

বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তাদের চাকরি নিয়মিতকরণসহ বেশ কিছু ন্যায্য দাবি এখনো বাস্তবায়িত হয়নি। সুপ্রিম কোর্টের রিভিউয়ের রায় এবং আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার মতামত কর্মচারীদের নিয়মিতকরণের পক্ষে থাকার পরও বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখায় অপেক্ষমাণ রয়েছে।

তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের প্রক্রিয়া ঝুলে থাকায় কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করা হলে কর্মস্থলে স্থিতিশীলতা ও কর্মস্পৃহা বাড়বে। তাই কোনো ধরনের বিলম্ব না করে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে চাকরি নিয়মিত করার দাবি জানান তারা।

এ ছাড়া ভাউচার, দৈনিকভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের অবিলম্বে কার্যভিত্তিক করার দাবি জানানো হয়। পাশাপাশি আউটসোর্সিং কর্মচারীদের ঠিকাদারের মাধ্যমে নিয়োগের প্রচলিত পদ্ধতি বাতিল করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিয়োগ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিও তুলে ধরেন বক্তারা।

বক্তারা আরও বলেন, কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এখনো কার্যকর কোনো সমাধান হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে দাবিগুলো বাস্তবায়ন করবে বলে তারা প্রত্যাশা করেন।

কর্মসূচিতে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন-১৬৪৭, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

আরও খবর