সাতক্ষীরা

সাতক্ষীরায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ফলোআপ সভা

  ডেস্ক রিপোর্ট ২৪ আগস্ট ২০২৬ , ২:২৮:৫২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সমস্যা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফআরটি প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

সভায় জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবণী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ড ও সাতক্ষীরা পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিওকর্মী ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য দেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। সাতক্ষীরার স্থানীয় উন্নয়নে যুব-নেতৃত্বাধীন নির্বাচনী ইশতেহারে উত্থাপিত দাবির অগ্রগতি ও বর্তমান চাহিদা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সাতক্ষীরা ইয়ুথ হাবের সভাপতি সাকিব হাসান।

সভায় জানানো হয়, ২০২৫ সালের অক্টোবরে সাতক্ষীরায় বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ইলেকশন মেনিফেস্টো সংলাপে জেলার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশা তুলে ধরা হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এসব দাবি উপস্থাপন করা হয়েছিল। ওই সময় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবেই এ ফলোআপ সভার আয়োজন করা হয়।

সভায় সাতক্ষীরার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানি নিশ্চিতকরণ, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, মানসম্মত স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা, প্রাণসায়র খালের আধুনিকায়ন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, রেল যোগাযোগ চালু, জলবায়ু-সহনশীল কৃষির প্রসার, যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, ভোমরা স্থলবন্দরের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণসহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হবে।” তিনি বলেন, জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। সাতক্ষীরার মাটি ও মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। তাই এলাকার মানুষের সেবা করা তার দায়িত্ব।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের সমস্যা, প্রত্যাশা ও দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এখন এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এলাকার উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রগতি পর্যালোচনা, অসম্পূর্ণ উদ্যোগ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে নিয়মিত সংলাপের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর