দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা, বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল প্লাটফর্মে কিশোরীদের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে তরুণদের অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করে আমাদের যুব টিম। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। আমাদের টিমের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো.মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের কর্মকর্তা সোহেল আহমেদ, দেবহাটা সদর ইউনিয়নের মহিলা সদস্যা রেহেনা পারভীন, টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ফিরোজ হোসেন, প্রশিক্ষানার্থী জেসমিন নাহার প্রমুখ। অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ইয়ুথ লিডারগন অংশগ্রহণ করেন।
সংলাপে সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণার প্রভাব, নারী ও কিশোরীদের সমান সুযোগ ও অংশগ্রহণ, অনলাইন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ এবং দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা ও যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পৃথক দুই দিনে দুটি যুব নেতৃত্বাধীন সংগঠনের (YLO) ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশনে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষসহ ৩০ জন করে তরুণ-তরুণী অংশ নেন। দুই সেশনে মোট ৬০ জন অংশগ্রহণ করেন।







