কালিগঞ্জ প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ৩:৪৪:১৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, পদমর্যাদা উন্নয়নসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের কালিগঞ্জ শাখার সভাপতি মনীন্দ্র নাথ হাজরা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
এ সময় বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম, আ. জলিল, আবু সাঈদ, মো. জালালুদ্দিন, মোস্তফা জামান, এশার আলী, সম্পাদিকা শেফালি খাতুন, যুগ্ম সম্পাদক আবু হাসান, সহ-সম্পাদক দেবব্রত, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্যাশিয়ার নিপা প্রমুখ।
বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখলেও তাদের মর্যাদা ও সুযোগ-সুবিধা এখনও অবহেলিত। ১৪তম গ্রেডে উন্নীত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ এবং সময়োপযোগী পদোন্নতি বাস্তবায়ন সময়ের দাবি।” কর্মসূচিতে ‘আপনার শিশু, আপনার শিমারকটিকা দিন’ স্লোগান তুলে ধরে জনসচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়। বক্তারা দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং দাবিগুলো মানা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

















