সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম থেকে ফুলতলা মাছের সেট পর্যন্ত বিস্তৃত এলাকা সম্প্রতি তীব্র জলাবদ্ধতার কবলে পড়েছে। আর শুধু বর্ষা মৌসুমেই নয়, স্বল্প মাত্রার বৃষ্টিতেও এই অঞ্চলের রাস্তাঘাট হাঁটু পানিতে তলিয়ে যায়। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে পুরো এলাকা পানির নিচে, ফলে শত শত মানুষ এখন পানিবন্দী।
এ এলাকার জন্য সবচেয়ে বড় দুর্ভোগ হলো, এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলবদ্ধতা দূর করার কোন উপায়ই নেই। বিশেষ করে বাজার গ্রামের কালিগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, শেখপাড়া, মোড়লপাড়া হয়ে উপজেলা সদরের সংযোগকারী রাস্তাটি এখন একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এই রাস্তা স্থানীয় হাজারো মানুষের একমাত্র চলাচলের মাধ্যম এবং এটি উপজেলা সদরের একমাত্র সুপেয় পানির পুকুরের পাশ ঘেঁষে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কে গিয়ে মিশেছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন যে, জরুরি প্রয়োজনে বা শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়াও দুরূহ হয়ে পড়েছে।
এলাকাবাসী জানাচ্ছেন, বছরের পর বছর ধরে শুধু কিছু ইটসোলিং করা হয়েছে, কিন্তু জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রামের একমাত্র মসজিদে যাওয়ার জন্যও এখন নোংরা পানি ভেঙে চলতে হয় মুসল্লিদের।
প্রতিদিনের অস্বস্তি সহ্য করে চলাফেরা করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষদের। স্থানীয়দের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের সুপরিকল্পিত ব্যবস্থা এবং রাস্তার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
একজন স্থানীয় বাসিন্দা বললেন, “অল্প বৃষ্টি হলেই ঘর থেকে বের হওয়া যায় না। কোমরসমান পানির মধ্যে দিয়ে হাঁটতে হয়। কবে মুক্তি মিলবে, তা কেউ জানে না।”
এখনই এই সমস্যার সমাধান না হলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এই চরম দুর্ভোগের অবসান ঘটাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।







