কালিগঞ্জ

কালিগঞ্জের আজিজুর রহমান জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

  কালিগঞ্জ প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ১:৫২:৪৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানকে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

১১ জুলাই ২০২৫, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ চেয়ারম্যান আজিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক রওশনারা জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নলতা ইউনিয়নের এই অনন্য অর্জনে কালিগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সামাজিক সংগঠন ও রাজনৈতিক মহল চেয়ারম্যান আজিজুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর