কালিগঞ্জ প্রতিনিধি ১৯ জুলাই ২০২৫ , ২:৪৭:৫২ অনলাইন সংস্করণ
পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সাতক্ষীরার কালিগঞ্জে গৃহীত হয়েছে একটি প্রশংসনীয় উদ্যোগ। ‘পরিবেশ রক্ষা করি, পলিথিন বর্জন করি’ এই স্লোগানকে শনিবার (১৯ জুলাই) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বাজার ব্যবসায়ীদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংস্থাটির জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া, এবং সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, “পলিথিন আমাদের পরিবেশের জন্য একটি নিরব ঘাতক। এটি মাটির উর্বরতা কমায়, জলাবদ্ধতা সৃষ্টি করে এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কাপড় বা চটের ব্যাগ ব্যবহারে যেমন পরিবেশ রক্ষা পাবে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও হ্রাস পাবে।”
তিনি আরও জানান, রূপান্তরের পক্ষ থেকে সরবরাহকৃত পরিবেশবান্ধব ব্যাগগুলো ব্যবসায়ীরা ক্রেতাদের মধ্যে বিতরণ করবেন এবং তাঁদেরকে পুনঃব্যবহার করতে উৎসাহিত করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপান্তরের ট্রেনার খালিদ নাবিব, উপজেলা পরিবেশ কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, ও সদস্য সচিব মারুফ হোসেন। তাঁরা বলেন, “পলিথিনের ব্যবহার বন্ধে আইন আছে, তবে জনসচেতনতাই এর সফল বাস্তবায়নের মূল চাবিকাঠি। প্রতিটি ব্যবসায়ী যদি নিজ উদ্যোগে পলিথিনের বিকল্প ব্যবহারে ভূমিকা রাখেন, তবে এটি একসময় একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ নেবে।”
কর্মশালায় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের প্রায় ৩০ জন ব্যবসায়ীর হাতে পলিথিনের বিকল্প ব্যাগ তুলে দেওয়া হয়। উপস্থিত ব্যবসায়ীরা জানান, তারা এ ধরনের উদ্যোগে অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতে পলিথিন বর্জনে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দেন।
স্থানীয়ভাবে এমন উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

















