কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
কালিগঞ্জ প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলতলা মোড় ও নাজিমগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত থেকে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। পাশাপাশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

তিনি আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকার কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতারুজ্জামান পল্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়বে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে উঠবে।

বিজ্ঞাপন