নলতায় শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পাঠ ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭১ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহছানিয়া পাবলিক লাইব্রেরির সম্পাদক ও শিক্ষক আলহাজ্ব আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ্ব মো. সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের কর্মকর্তা আলহাজ্ব আমজেদ চৌধুরী, মো. মালেকুজ্জামান, এনামুল হক, মো. রবিউল হক, মো. হাসানুজ্জামান, মো. এনায়েত, শিক্ষক মশিউর রহমান, আব্দুল মুঈদ, মো. আনোয়ারুল হক, মো. মাহবুবুন্নবী খান, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক মো. রফিকুল ইসলাম, আবুল কালাম বিন আকবার, হাসানুজ্জামান দিপু ও মনিরুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানিয়া আক্তার বলেন, অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি আহছানিয়া পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন। সেখানে দুর্লভ বইসহ বিভিন্ন একাডেমিক বইয়ের সমৃদ্ধ সংগ্রহ দেখে তিনি অভিভূত হয়েছেন। পুরোনো ও মূল্যবান বইয়ের পাশাপাশি সমসাময়িক প্রয়োজনীয় বইয়ের সংগ্রহ এবং লাইব্রেরির জ্ঞানভিত্তিক পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে।

তিনি বলেন, আলোকিত সমাজ গঠনে সমৃদ্ধ পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মকে মোবাইল ও প্রযুক্তিনির্ভরতা থেকে বইমুখী করতে পাঠাগারগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। লাইব্রেরির ঐতিহ্য ও বইয়ের সংগ্রহ সংরক্ষণের পাশাপাশি আধুনিকায়ন, পাঠকসেবা সম্প্রসারণ এবং শিশু-কিশোরদের নিয়মিত পাঠচর্চার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে লাইব্রেরির উন্নয়ন ও সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে জানানো হয়, গত ১৫ আগস্ট আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে নলতায় শিক্ষার্থীদের নিয়ে পাঠ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি ও স্তরের ৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার তিনটি স্তরের প্রত্যেকটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পাশাপাশি সব অংশগ্রহণকারীকে পুরস্কার ও সম্মাননা সনদ দেওয়া হয়।

এ ছাড়া অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য লাইব্রেরির কার্যক্রম পরিচালনায় নতুন কমিটি গঠন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, পাঠকসেবা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক ও সমাজসংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) প্রতিষ্ঠিত নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের অধীন আহছানিয়া পাবলিক লাইব্রেরি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি আলোকিত সমাজ বিনির্মাণে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন