আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে নেপাল যাচ্ছেন মাছরাঙা টেলিভিশন ও দৈনিক আমাদের সময়-এর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক, সুজনের জেলা সম্পাদক এবং উন্নয়ন ও মানবাধিকারকর্মী মোস্তাফিজুর রহমান উজ্জল।
আগামী ২ থেকে ৪ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে আগামী ১ নভেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ৭ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, গবেষক, মানবাধিকারকর্মী, আইন ও নীতিবিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য সংরক্ষণ এবং সংখ্যাগরিষ্ঠতার চাপ ও সাংস্কৃতিক আত্তীকরণের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়, আইনি ও সামাজিক প্রতিবন্ধকতা পর্যালোচনা এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।







