সাতক্ষীরা পৌরসভার ৯ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডকে তিনটি গ্রুপে ভাগ করে পরিচ্ছন্নতা, মশা নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

এদিন সকালে ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল কোল্ডস্টোরেজের সামনে, ৭ নম্বর ওয়ার্ডের বাঙালের মোড় ইটাগাছা বউবাজার সড়ক, ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির সামনেসহ পৌরসভার সব ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম ও কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী।

এ ছাড়া বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসকের দিকনির্দেশনায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এডিস মশার লার্ভা ধ্বংস এবং পৌরবাসীকে নিরাপদ রাখতে এ অভিযান শুধু এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পৌরসভার ৯টি ওয়ার্ডে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা ও স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু মোকাবেলায় পৌরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন