দেবহাটা

দেবহাটায় ইউএনও আসাদুজ্জামানকে হৃদয়ঘন বিদায়ী সংবর্ধনা

  দেবহাটা প্রতিনিধি ২ আগস্ট ২০২৫ , ৩:৩২:২৬ অনলাইন সংস্করণ

দেবহাটার প্রিয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানকে বদলিজনিত কারণে এক হৃদয়গ্রাহী বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রের ইছামতি পিকনিক স্পট মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদ ও শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার। সঞ্চালনায় ছিলেন শিল্পকলা একাডেমীর শিক্ষক মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার, মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, শিল্পকলা একাডেমীর কোষাধ্যক্ষ (অব.) অধীর কুমার গাইন, সাহিত্য পরিষদের সহসভাপতি মো. বাহাউদ্দীন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন ইউএনও নিজেই, যা উপস্থিতদের আবেগে ভাসায়। বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, মো. বাহাউদ্দীন ও সাংবাদিক আমিরুল ইসলাম আবৃত্তিতে অংশ নেন। শিশু শিল্পী শ্রেয়া দাশ, দীপা নিতা দাশ, প্রেমা অধিকারী ও পিয়ন অধিকারীসহ স্থানীয় ও অতিথি শিল্পীরা পরিবেশন করেন সঙ্গীত।
বিদায়ী বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “দেবহাটার মাটি ও মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা আমি চিরকাল হৃদয়ে ধারণ করব। এখানকার মানুষের জন্য কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি।” তিনি নিজ ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে ইউএনও’র হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন রূপসী ম্যানগ্রোভ ফরেস্টের ম্যানেজার সোহেল আহমেদ।

আরও খবর