সাতক্ষীরা মহিলা কলেজে নজরুল স্মরণে সেমিনার

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সাম্যবাদী চেতনা নিয়ে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। কবি নজরুলের সাহিত্য ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. শফিকুর রহমান।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে সাম্য, দ্রোহ, মানবতা ও প্রেমের যে চেতনা প্রকাশ পেয়েছে, তা বাঙালির সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রভাব ফেলেছে। তার সাহিত্য আজও অন্যায়, বৈষম্য ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শ্যামাপ্রসাদ ঘোষ, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল আলম, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনার মধ্য দিয়ে কবি নজরুল ইসলামের সাম্যবাদী ভাবধারা, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিজ্ঞাপন