নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ‘নারীর আদালত’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে স্বদেশ সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফসি)’ প্রোগ্রামের ‘এখনই যুক্ত হোন’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর দুই শতাধিক মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সামাজিক সমস্যা, অভিযোগ, অধিকারবঞ্চনা, মতামত ও পরামর্শ সরাসরি তুলে ধরার সুযোগ পান।
আয়োজকেরা জানান, নারীরা যাতে নির্ভয়ে নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরতে পারেন এবং প্রয়োজনীয় আইনি ও সামাজিক প্রতিকার পাওয়ার সুযোগ তৈরি হয়, সে লক্ষ্যেই ‘নারীর আদালত’ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সামাজিক সমতা ও মানবাধিকারের চর্চা আরও জোরদার হবে।
কর্মসূচিতে জেলা লিগ্যাল এইডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবার তথ্য এবং সরকারি টোল-ফ্রি নম্বর সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি জরুরি আইনি সহায়তা ও পরামর্শের জন্য স্বদেশের হটলাইন নম্বর ০১৩৩৯৬২৬৮৮৪-এ যোগাযোগের আহ্বান জানানো হয়।
স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ ও তথ্য অফিসার জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা এবং সাতক্ষীরা সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্কের এসআই (নিরস্ত্র) মমতাজ খাতুন। এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধিরাও বক্তব্য দেন।
কর্মসূচি পরিচালনায় সহযোগিতা করেন স্বদেশ সংস্থার পিও আজহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলাম।







