দেবহাটা প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ২:১০:৪৩ অনলাইন সংস্করণ
দেবহাটায় টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে খাল-বিল ও জলাধান থেকে অবৈধ নেট ও পাটা অপসারণে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া চারকুনি এলাকার চেংমারী খালসহ আশেপাশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা থানা পুলিশের প্রদীপ কুমার, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, ইউএনওর টেবিল সহকারী সাদেক আলী, উপজেলা প্রকৌশল অফিসের স্টাফ নাসিম আহম্মেদ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্থানীয় সাধারণ জনগণ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, “গত কয়েকদিন ধরে মাইকিং করে বারবার অবৈধ নেট-পাটা সরিয়ে নিতে বলা হলেও কেউ গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে আমরা সরাসরি অভিযান শুরু করেছি। এই অভিযান আগামী ৭ দিন উপজেলার বিভিন্ন এলাকায় চলবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, “জলাবদ্ধতা রোধে খাল বা ড্রেনে কোনোভাবেই অবৈধ নেট-পাটা রাখা যাবে না। আগামী এক সপ্তাহের মধ্যে এগুলো অপসারণ করা হবে। যেখানেই সমস্যা আছে, তা দ্রুত সমাধান করা হবে।”
তিনি ঘুরে স্থানীয়দের সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।
এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

















