মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ৪:২৩:৪৭ অনলাইন সংস্করণ
দেবহাটা উপজেলার পারুলিয়া এসএসমাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ আজ রূপ নিয়েছিল সবুজের মিলনমেলায়। হাতে হাতে ছোট্ট চারা, চোখে বড় স্বপ্ন—“সবুজে সাজাই বাংলাদেশ” প্রতিজ্ঞায় একত্র হয় শত শত শিক্ষার্থী।
‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে এবং বাংলালিংকের সহযোগিতায় আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গাছ শুধু ছায়া বা ফল নয়, গাছ দেয় জীবন। সন্তানদের জন্য অক্সিজেনের এই ভাণ্ডার রক্ষা করতে হলে আজই শুরু করতে হবে সবুজ চাষ।”
শ্রাবণের স্নিগ্ধ হাওয়ায় গাছের পাতারা দুলে উঠছিল, মাটিতে ঝরে পড়ছিল বৃষ্টির সজীব ফোঁটা। চারার শিকড়ে লেগে থাকা কাদা যেন নীরবে বলছিল—“আমাকে যত্ন করো, আমি তোমাদের ভবিষ্যৎ সাজিয়ে দেব।”
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সহকারী উপ-সচিব আবুল হাসান, উপ-সচিব আকবর হোসেন এবং এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহ্বায়ক মাওঃ অলিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীর হাতে দুটি করে চারা তুলে দেওয়া হয়। কেউ বলল—“আমি প্রতিদিন এটিতে পানি দেব”, আবার কেউ প্রতিশ্রুতি দিল—“এ গাছ বড় হলে পাখি আসবে, ফুল ফুটবে।”
ঋতুর এই সবুজ ছোঁয়া আর শ্রাবণের কোমল বৃষ্টিতে শিশুদের হাতে ধরা ছোট্ট চারাগুলো একদিন হয়তো ছায়াময় বন হয়ে উঠবে, আর তখন সবুজের শীতল ছায়ায় ভরে যাবে এই ধরণী।

















