Hridoy Barta

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: র‌্যালি ও মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ণ
HridoyBarta

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সেব সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সওজ নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাসসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশি মাছ রক্ষায় সচেতনতা বাড়াতে হবে, জলাশয় রক্ষা করতে হবে এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সকলকে একযোগে কাজ করতে হবে।”
আলোচনা শেষে মৎস্য অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সাথে সাতক্ষীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি র‌্যালি উপজেলা মিলনায়তনে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, মৎস্যচাষি ও ব্যবসায়ীরা অংশ নেন। সঞ্চালনায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।

তালা: তালায় সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমাম। বক্তব্য রাখেন তালা থানার ওসি, উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক।


আশাশুনি: আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সকাল ১০টায় র‌্যালি বের করে। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ কমপ্লেক্স পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষী শাহারুজ্জামান, ২য় স্থান অধিকারী আঃ হান্নান পাড় ও মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে ক্রেস্ট প্রদান করা হয়।


কালিগঞ্জ: কালিগঞ্জে সকাল ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর, সরকারি কর্মকর্তা, কর্মচারী, মৎস্য চাষী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় উদ্যোক্তাদের উপস্থিতিতে র‌্যালি অনুষ্ঠিত হয়।
র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। তিনি বলেন, কালিগঞ্জের মাটি ও পানি মাছ চাষের জন্য উপযোগী। মৎস্য চাষীদের আধুনিক চাষাবাদ সম্পর্কে ধারণা দিতে প্রশিক্ষণ প্রদান করা হবে। অবৈধ খাল দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ অফিসার, প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, হ্যাচারি কর্মকর্তা, রিপোর্টার্স ক্লাবের সদস্য, মানবাধিকার কর্মী ও মৎস্য চাষীরা। সফল চাষী ও উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতি : সদর উপজেলা মিলনায়তন থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যুক্ত হয়। পরে সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভায় অংশগ্রহণ করা হয়। বক্তারা বলেন, মাছ চাষ করে চাষিরা যেমন লাভবান হচ্ছে, তেমনি দেশও। পরিকল্পিত চাষ ও প্রযুক্তি ব্যবহার সাতক্ষীরার সুনাম অটুট রাখতে সহায়ক।

সাতক্ষীরার সব উপজেলার এই আয়োজন প্রমাণ করে, জেলা মৎস্য খাত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসন, চাষী ও সংগঠনগুলো একযোগে কাজ করে মৎস্য সপ্তাহ-২০২৫ সফলভাবে সম্পন্ন করেছে।